নিজস্ব প্রতিবেদক : যশোরে অস্ত্র মামলায় তাছের গাজী নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আইরিন পারভীন এক রায়ে এ সাজা দেন। সাজাপ্রাপ্ত তাছের গাজী মণিরামপুর উপজেলার পাড়ালা গ্রামের মৃত নওশের গাজীর ছেলে। মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৫ সালের ২৯ এপ্রিল মণিরামপুর থানা-পুলিশ কমলাপুর গ্রামের সাতনল বড় পোল ব্রিজের ওপর থেকে সন্দেহজনকভাবে তাছেরকে থামার সংকেত দেয়। এ সময় তাছের পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই খান আলী আকবর বাদী হয়ে তাছেরের বিরুদ্ধে মণিরামপুর থানায় অস্ত্র আইনে মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ তাসমীম আলম আসামি তাছেরকে অভিযুক্ত আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি তাছের গাজীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত তাছের গাজী বর্তমানে কারাগারে আটক রয়েছেন।