নিজস্ব প্রতিবেদক : যশোরে নাশকতার পরিকল্পনার মামলায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম খয়রাত হোসেনসহ চারজনকে আটক করেছে পুলিশ। খয়রাত হোসেন বিমান অফিস মোড় এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে। অপর আসামিরা হলো, শহরতলীর ছোট শেখহাটির গফফারের ছেলে রুবেল হোসেন, সদরের রামনগর ভাটপাড়ার রতন সরকারের ছেলে প্রল্লাদ সরকার এবং বসুন্দিয়ার ঘুনি গ্রামের মৃত আব্দুল্লাহ মোল্লার ছেলে মাহাবুর রহমান। শনিবার রাতে আলাদা স্থান থেকে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক খয়রাতকে গত বছরের ২৯ অক্টোবর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে আইএনবি ডিজিটাল সাইন নামের একটি প্রতিষ্ঠান থেকে যুবলীগের মিছিলের ব্যানার তৈরির মামলায় আটক দেখানো হয়েছে। অন্যদিকে, অপর তিনজনকে ২০২৪ সালের ১৮ নভেম্বর যশোর সদর উপজেলার কানাইতলা গ্রামে নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। রোববার দুপুরে চারজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।