অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন ভুক্তভোগী মা-বাবা। অভিযোগের পর অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজাসহ আছাদ শেখ (৩৮) নামের ওই ছেলেকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৯ আগস্ট) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আছাদ শেখ উপজেলার বুইকারা গ্রামের আনছার আলী শেখ ও তফুরা খাতুনের ছেলে। তিনি পেশায় ঘাটশ্রমিক। স্থানীয় সূত্র জানায়, আছাদ শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে গিয়ে তিনি প্রায়ই মা-বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। একপর্যায়ে তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন তারা। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. খায়রুজ্জামান জানান, রোববার বিকালে উপজেলার বুইকারা গ্রামের কলোনিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আছাদ শেখকে দুই পিস ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশীষ কুমার বসু বলেন, ‘মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তার মা-বাবা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে তাকে মাদকদ্রব্য ও সেবনের সরঞ্জামসহ আটক করা হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।