নিজস্ব প্রতিবেদক : সুরলোকের মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর সংসদ পরিচালিত মুনশী রইসউদ্দীন সংগীত আকাদেমীর প্রবীণ গিটার শিক্ষক সাঈদ আহম্মেদ খান এ্যাপোলো (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ভোররাতে নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। ব্যক্তিজীবনে অবিবাহিত এই গুণী মানুষটি মৃত্যুকালে বৃদ্ধা মা, দুই বোন, অগণিত আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর যশোর শহরের তালতলা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে বেজপাড়া কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে সকালে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বেজপাড়া আনসার ক্যাম্প সংলগ্ন বাসভবনে নেমে আসে শোকের ছায়া। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ মরদেহের পাশে গিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জানাজায় অংশগ্রহণ করেন উদীচী যশোরের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, সুরধনী সুরসংগীত সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, চারুপীঠ যশোরের সাধারণ সম্পাদক মামুনুর রশীদসহ স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাঈদ আহম্মেদ খান এ্যাপোলো ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। পরবর্তীতে তিনি গবেষণা ও শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন। তবে হৃদয়ের টানে তিনি বুঁদ হয়ে ছিলেন বহুমুখী যন্ত্রসংগীতের সাধনায়। স্প্যানিশ গিটার, বেহালা, উকুলেলে, দোতারা কিংবা ম্যান্ডোলিন-সব ধরনের তারের যন্ত্রেই তার আঙুলের স্পর্শে জাগতো অনন্য সুরের মূর্ছনা। অগণিত ছাত্র-ছাত্রীর মাঝে তিনি ছড়িয়ে দিয়েছেন সংগীতের আলো ও সুরের পাঠ। অত্যন্ত কোমল হৃদয় ও অমায়িক ব্যবহারের মানুষ হিসেবে পরিচিত এই সুরসাধকের অকালপ্রয়াণে উদীচী পরিবারসহ যশোরের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সংগঠনের পক্ষ থেকে প্রয়াত সাঈদ আহমেদ খান এ্যাপোলোর আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।