মাগুরা প্রতিনিধি : মাগুরায় স্ত্রী মেরিনা বেগমকে হত্যার দায়ে মোসলেম উদ্দিন মন্ডল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২৪ নভেম্বর রাত ৩টার দিকে স্ত্রী মেরিনা বেগমের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রকাশ করেন মোসলেম উদ্দিন। এতে স্ত্রী রাজি না হওয়ায় দুজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মোসলেম উদ্দিন স্ত্রীকে গলা টিপে ধরেন। পরে মেরিনার মৃত্যু নিশ্চিত করে বাড়িতে তালা লাগিয়ে তিনি পালিয়ে যান। এ ঘটনায় ওই দিনই নিহতের ভাই মনসের আলী বাদী হয়ে শ্রীপুর থানায় মোসলেম উদ্দিন মন্ডলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আনসারুল ইসলাম তদন্ত শেষে ২০২৪ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন জানান, মামলার আসামি মোসলেম উদ্দিন মণ্ডল ২০২৩ সালের ৩০ নভেম্বর ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে প্রায় এক বছর ১০ মাস বিচারিক কার্যক্রম চলার পর আদালত এ রায় দেন। এ রায়ে প্রসিকিউশন সন্তুষ্ট এবং এই রায়ের মাধ্যমে একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে। আসামি মোসলেম উদ্দিন মন্ডল মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চরপাড়া গ্রামের মৃত শাহাদত মন্ডলের ছেলে। নিহত মেরিনা বেগমের বয়স ছিল ৩৬ বছর। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বনগ্রামের মৃত সৈয়দ আলী মণ্ডলের মেয়ে।