সিরাজুল ইসলাম, কেশবপুর : কেশবপুরে গভীর রাতে সড়কের ওপর রাজনৈতিক স্লোগান লিখে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ভীতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাত আনুমানিক সাড়ে ১২টা দিকে আউলগাতি বাজার থেকে বুড়িয়াটি কলেজ রোডের সংযোগস্থলের কাছাকাছি, কাবিলপুর গ্রামের আলতাব হোসেনের মোটরের বাড়ির পাশে পাকা সড়কের ওপর কয়েকজন দুর্বৃত্ত ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসছে, বাংলাদেশ হাসছে’ লেখা লিখে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দ শুনে ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোঃ তবিবুর রহমান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জমির উদ্দিন গাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে সড়কের ওপর লেখা স্লোগান দেখতে পান তাঁরা। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও রাত গভীর হওয়ায় বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। স্থানীয় নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে বিষয়টি বিদ্যান্দকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেনকে জানান। সকালে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ঘটনার রাতেই তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছেন। তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায়নি। এ ঘটনায় সাধারণ মানুষ ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।