আশাশুনি প্রতিনিধি: জাতীয় যুব দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালীতে “ধূমপান ও মাদকমুক্ত সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং মৌমাছি, সাতক্ষীরার বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। কামালকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন কামালকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ মন্ডল, কাটাখালী জামে মসজিদের মাওঃ আব্দুল মজিদ, সিনিয়র শিক্ষক রবিউল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মরিয়ম খাতুন। প্রধান অতিথির বক্তব্যে সঞ্জীব কুমার দাস বলেন, যুবসমাজ দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবসমাজকে ধূমপান, তামাকজাত দ্রব্য ও মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হতে হবে। নিজেদের এসব ক্ষতিকর অভ্যাস থেকে দূরে রাখার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে সচেতনতা সৃষ্টি করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে রবিউল ইসলাম যুবসমাজকে মাদক ও ধূমপানের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে আব্দুর রাশেদ বলেন, তরুণ প্রজন্মকে সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতার মাধ্যমে গড়ে তুলতে হবে। মাদক ও ধূমপানের বিরুদ্ধে পরিবার, শিক্ষক, অভিভাবক এবং যুবসমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌমাছির পিও প্রশান্ত মিস্ত্রী।