ক্রীড়া প্রতিবেদক : যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাস ব্যাপী অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা। সকালে কলেজের ছাত্র কমন রুমে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হারুন অর রশিদ। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীর খেলাধুলায় সম্পৃক্ত থাকা উচিত। খেলাধুলা শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি তৈরি করে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম , পরিষদের সম্পাদক প্রফেসর আতিয়ার রহমান। ক্রীড়া কমিটির আহ্বায়ক প্রফেসর সৈয়দ আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু , ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা সবুজ। প্রতিযোগিতায় ক্যারাম, দাবা, টেবিল টেনিস ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে। একাদশ থেকে মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। একাদশ থেকে মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের ২৮টি খেলা অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, পারস্পরিক সম্প্রীতি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতেই এ আয়োজন করা হয়েছে।