নিজস্ব প্রতিবেদক : ফেনসিডিলের মামলায় মোখলেছুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক শাহিনুর রহমান এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত মোখলেছুর রহমান সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সর্দারপাড়ার দেলদার আলীর ছেলে। মামলা অভিযোগে জানা গেছে, ২০১৬ সালের ২১ জুলাই সকালে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার তৎকালীন এসআই শফিকুল ইসলাম যশোর-বেনাপোল সড়কের নাভারন সাতক্ষীরার মোড়ে অভিযান চালান। এ সময় সেখানে বাসের জন্য অপেক্ষমাণ মোখলেছুর রহমান নামে এক ব্যক্তিকে আটক ও তার কাছে থাকা দুটি ব্যাগের ভেতর থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই শফিকুল ইসলাম শার্শা থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আসামি মোখলেছুর রহমানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন এসআই মোশাররফ হোসেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মোখলেসুর রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।