কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে ঘুষের টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় অভিযুক্ত রাকিব হাসানকে ব্যক্তিকে দুইশ’ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঝিনাইদহের একটি টিম ওই অভিযান পরিচালনা করেন। এ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। জানা যায়, কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধনের বিভিন্ন কাজে টিপসই দেওয়ার জন্য সেবা গ্রহীতাদের থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছিল। এ অভিযোগেই দুদকের টিম অভিযান চালিয়ে ঘটনাস্থল থাকা রাকিব হাসানের থেকে ৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করে। অভিযুক্ত রাকিব হাসানের দাবি, সাব-রেজিস্ট্রার অফিসের জন্য তিনি ওই টাকা নিতেন। তবে বিষয়টি সত্যতা জানতে কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার রিপন মুন্সির মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে অভিযুক্ত রাকিব হাসান নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার প্রতিশ্রুতি দেওয়ায় তাঁকে দুইশ’ টাকা জরিমানা করা হয়। এবং উদ্ধারকৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ইউএনও । এদিকে অভিযান বিষয়ে জানতে দুদকের সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বিস্তারিত জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে উদ্ধার করা টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছি। এ ছাড়া অভিযুক্ত রাকিব হাসানকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।