নিজস্ব প্রতিবেদক : যশোরে আওয়ামী লীগের সরকারবিরোধী ঝটিকা মিছিলে অংশ নেওয়া ও উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে দিন মোহাম্মদ দিলু পাটোয়ারী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ অক্টোবর সন্ধ্যার দিকে যশোর শহরের কাজীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি যশোর সদর উপজেলার নরসিংহপুর গ্রামের মৃত গোলাম পাটোয়ারীর ছেলে। পুলিশ জানায়, গত ২৮ আগস্ট শহরের শহীদ মিনারসংলগ্ন পুরাতন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে আজিজ সিটি গেট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলার তদন্ত ও অন্য আসামিদের শনাক্ত করার স্বার্থে দিলু পাটোয়ারীকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন উল্লেখ করে তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।