Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোংলা কাস্টমস কর্মকর্তা মামুনের অপসারণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ

এখন সময়: রবিবার, ২৫ অক্টোবর , ২০২৬, ১০:২৫:৩০ পিএম
মোংলা কাস্টমস কর্মকর্তা মামুনের অপসারণ  দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ

ম. ম. রবি ডাকুয়া, মোংলা : মোংলা কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, বাণিজ্যিক জাহাজের বিদেশি নাবিকদের ভয়ভীতি দেখানো এবং চোরাচালানের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত কর্মকর্তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (২৫ অক্টোবর) মোংলা কাস্টমস হাউজের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মোংলা বন্দর কাস্টমস ভেন্ডার অ্যাসোসিয়েশন, শিপ চ্যান্ডলার ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বাণিজ্যিক জাহাজে আসা বিদেশি নাবিকদের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করেন। একই সঙ্গে কাস্টমস-সংক্রান্ত সেবা নিতে আসা ব্যক্তি এবং ভেন্ডার ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অবৈধ অর্থ আদায়ের অভিযোগও তোলেন তাঁরা। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, বাণিজ্যিক জাহাজ থেকে বিদেশি মদ ও সিগারেট অবৈধভাবে নিয়ে সেগুলো খুলনায় বিক্রি করা হয়। তাঁদের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, মোংলা বন্দরের ব্যবসায়িক পরিবেশ স্বাভাবিক রাখতে এবং কাস্টমস-সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। কর্মসূচিতে কাস্টমস ভেন্ডার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, শিপ চ্যান্ডলার ও ভুক্তভোগী ব্যবসায়ীরা বক্তব্য দেন। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন ও বিক্ষোভ শেষে ব্যবসায়ীদের পক্ষ থেকে সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুনের অপসারণের দাবিতে মোংলা কাস্টমস হাউজের কমিশনার মো. গিয়াস কামালের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুনের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের বক্তব্যও জানা যায়নি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)