ক্রীড়া প্রতিবেদক : যশোরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা সোমবার আয়োজন করা হয়। জিলা স্কুল মাঠে প্রতিযোগিতার আয়োজন করে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি জেলা শাখা। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। তিনি বলেন সরকার শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পাঠদানের পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করেছে। যাতে করে তারা মাদক ও মোবাইল আসক্ত থেকে দুরে থাকে। খেলাধুলা করলে শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি মেধার বিকাশ ঘটবে। জেলা শিক্ষা অফিসার ও জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সম্পাদক মাহফুজুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল হান্নান, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাইফুল আলম, জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা পারভীন, উপশহর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ। হ্যান্ডবল, দাবা, কাবাডি বালক, বালিকায় আট ইভেন্টে আট উপজেলার আটটি দল অংশ গ্রহণ করে। আজ বিকেল ৩টায় পুরস্কার বিতরণ করা হবে।