Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মার্কস অলরাউন্ডারে জাতীয় পর্যায়ে টপ ফাইভে যশোরের রূপকথা

এখন সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর , ২০২৬, ১১:৪৮:৫৪ পিএম

নিজস্ব প্রতিবেদক: ‘দেখাও যত প্রতিভা তোমার’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘মার্কস অলরাউন্ডার’ এর জাতীয় পর্যায়ে টপ ফাইভে জায়গা করে নিয়েছে যশোরের প্রতিভাবান নৃত্যশিল্পী ও নৃত্যবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর রূপকথা। গত ১১ ও ১২ সেপ্টেম্বর ঢাকার বারিধারায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটির জাতীয় পর্যায়ের চূড়ান্ত বাছাই। দুই দিনের পৃথক দুটি পর্বে বাছাই শেষে নৃত্যের সিনিয়র গ্রুপে রূপকথা আরও চার প্রতিযোগীর সঙ্গে স্টুডিও পর্বে যাওয়ার গৌরব অর্জন করে। শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিভা বিকাশের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘মার্কস অলরাউন্ডার’ ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী বাছাই কার্যক্রম শুরু করে। জেলা ও বিভাগীয় পর্যায়ের কয়েক ধাপের বাছাই শেষে ঢাকায় অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের চূড়ান্ত বাছাই পর্ব। এতে সারা দেশ থেকে বিভিন্ন বিষয়ে লক্ষাধিক প্রতিযোগী অংশ নেয়। ঢাকা পর্বে নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা, উপস্থিত অভিনয় ও বিতর্ক এই ছয়টি বিষয়ে শ্রেণিভিত্তিক তিনটি গ্রুপে বিভাগীয় পর্যায় থেকে নির্বাচিত পাঁচ শতাধিক শিশু-কিশোর ও কিশোরী অংশগ্রহণ করে। এর মধ্যে নৃত্যের সিনিয়র গ্রুপে জাতীয় পর্যায়ের চূড়ান্ত বাছাইয়ে অংশ নেয় ২৬ জন শিল্পী। দুই দিনের প্রতিযোগিতায় নৃত্য পরিবেশনের মাধ্যমে বিচারকদের সামনে নিজের প্রতিভা তুলে ধরে রূপকথা। একাধিক ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত সেরা পাঁচে জায়গা করে নেয় সে। এখন স্টুডিও পর্বে আরও চার প্রতিযোগীর সঙ্গে তার লড়াই হবে জাতীয় পর্যায়ের চূড়ান্ত স্বীকৃতির জন্য। রূপকথার এই সাফল্যে যশোরের নৃত্যাঙ্গনেও তৈরি হয়েছে আনন্দের আবহ। নৃত্যের পাশাপাশি নৃত্যবিষয়ক কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমেও পরিচিতি পেয়েছে সে। নিয়মিত অনুশীলন, মঞ্চ পরিবেশনা ও সৃজনশীলতার মাধ্যমে নিজের প্রতিভাকে আরও বিকশিত করার চেষ্টা করে যাচ্ছে এই তরুণ শিল্পী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)