কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: দীর্ঘ রোগ ভোগের পর অবশেষে মারা গেলেন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলাম (৬৮)। সোমবার গভীর রাতে কোটচাঁদপুরের সিনেমা হল পাড়ার নিজ বাসাতেই মারা গেছেন তিনি। মৃত্যু কালে তিনি রেখে গেছেন স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারটি। এদিকে তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। জানা যায়, কোটচাঁদপুরের সিনেমা হল পাড়ার মৃত শেখ আব্দুর রশিদের ছেলে সাংবাদিক শেখ নজরুল ইসলাম। কোটচাঁদপুরেই তিনি লেখা পড়া করে বেড়ে উঠেছিলেন। এরপর আশির দশক থেকে সাংবাদিকতা জগতে পা রাখেন শেখ নজরুল ইসলাম। বয়সে তখন ছিলেন তরুন। শুরুটাও ছিল দুর্দান্ত। সেই সময়কার সাংবাদিকতায় কোটচাঁদপুরে হাতে গোনা কয়েক জনের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তবে ছোট গল্প থেকে লেখা লেখির শুরু করেন এই সাংবাদিক। এরপর দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি কাজ করেছেন দৈনিক বাংলার বাণী, পূর্বাঞ্চল পত্রিকায়। সর্বশেষ তিনি কর্মরত ছিলেন দৈনিক মানবজমিন ও স্থানীয় দৈনিক নবচিত্র পত্রিকায়। ওই সময় তিনি তার কলমে তুলে ধরেছেন কোটচাঁদপুর মানুষের সমস্যা, সফলতা, অসহায়, নিপিড়ীত মানুষের গল্প। এ দিকে তাঁর মৃত্যুর খবরে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। পারিবারিক জীবনে তিনি এক সন্তানের জনক। আর তিনি ছিলেন মৃত শেখ আব্দুর রশিদের ৭ সন্তানের ৩ ছেলের মধ্যে সবার ছোট। তিনি ছিলেন, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত প্রেসক্লাব কোটচাঁদপুরের সভাপতি। একাধারে প্রতিষ্ঠানটিতে তিনি দীর্ঘ ২০ বছর সভাপতির দায়িত্ব পালন করেছেন।