প্রেসবিজ্ঞপ্তি : ‘জলবায়ু পরিবর্তন : আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে হাড়িয়া পরিবেশ ক্লাবের উদ্যোগে ঝিকরগাছার গদখালী বাজার সংলগ্ন টাওড়া আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ দীপংকর দাস। সভাপতিত্ব করেন হাড়িয়া পরিবেশ ক্লাবের সভাপতি মো. মনজুর আলম এবং সঞ্চালনা করেন স্মার্ট প্রকল্পের এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল অফিসার বাপ্পী কুমার অধিকারী। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি, পরিবেশ বিষয়ক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা ও সবুজায়নের ওপর গুরুত্বারোপ করেন। পরে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থী, উদ্যোক্তা ও পরিবেশ ক্লাবের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া পরিবেশ ক্লাবের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে বর্জ্য ব্যবস্থাপনা বিন ও গাছের চারা হস্তান্তর করা হয়। বিশ্বব্যাংকের অর্থায়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি সহায়তায় পরিচালিত স্মার্ট প্রকল্পের ফুল উপ-প্রকল্প বাস্তবায়ন করছে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)। ঝিনাইদহ জেলার ১৩টি ইউনিয়ন এবং যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ৪টি ইউনিয়নসহ মোট ১৭টি ইউনিয়নে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।