ক্রীড়া প্রতিবেদক : যশোরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের (যশোর অঞ্চল) আজ বৃহস্পতিবার ফাইনাল অনুষ্ঠিত হবে। শিরোপা লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে সম্মিলনী ইন্সটিটিউশন ও যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯ টায়। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যশোরের জেলা প্রশাসক আশেক হাসান। বিশেষ অতিথি থাকবেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম,সাবেক ক্রিকেটার মাহতাব নাসির পলাশ ও প্রাইম ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক সৈয়দ হাসান খান। সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। এদিকে,গতকাল গ্রুপ পর্বের শেষ খেলায় জয় পেয়েছে বাদশাহ্ ফয়সাল ইসলামী ইন্সটিটিউট। তারা ৪০ রানের ব্যবধানে পরাজিত করে বসুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়কে। উভয় দলের গতকাল ছিলো তৃতীয় খেলা। বসুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় ৩ খেলায় ২ টিতে পরাজিত ও একটি খেলা বৃষ্ঠির কারনে পরিত্যাক্ত হওয়ায় এক পয়েন্ট পায়। প্রতিপক্ষ বাদশাহ্ ফয়সাল ইসলামী ইন্সটিটিউট সমান সংখ্যক খেলায় একটিতে জয় ও ২ টি খেলায় পরাজিত হয়েছে। টসে হেরে প্রথমে ব্যাট করে বাদশাহ্ ফয়সাল ইসলামী ইন্সটিটিউট। ৪২ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে তারা। এ রানের মধ্যে রায়হান মোল্লা ৭৭, আরাফাত ইসলাম ৬৪ ও ইশান ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২১ রান। বসুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের রামিম হোসেন, সোহেব,অপূর্ব ও ইশান প্রত্যেকে নেন ২ টি করে উইকেট। জবাবে,৪২ ওভার ৩ বলে ১৫৭ রানে অলআউট হয়ে যায় বসুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়। তাদের ফারদিন আহমেদ ৫১ , মেহেদী হাসন ১৫, সানিয়াত খান ১৪ ও রাহিম ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৫০ রান। বাদশাহ্ ফয়সাল ইসলামী ইন্সটিটিউটের জারিন ২০ রান, গোলাম রাব্বি ৩৩ রানে ও রায়হান মোল্লা ৩৪ রানে প্রত্যেকে ৩ টি করে উইকেট পান।