নিজস্ব প্রতিবেদক : যশোর তথা বাংলাদেশের নাট্য অঙ্গনের সুপরিচিত এবং শক্তিমান অভিনেতা ও মডেল বৈদ্যনাথ সাহা আর নেই। মঙ্গলবার বিকেলে ৫ টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ৪ কন্যা নাতি নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এছাড়া তার একমাত্র পুত্র সন্তান কয়েক বছর আগে মৃত্যুবরণ করেছে।
বৈদ্যনাথ সাহা নাট্যাঙ্গনের এক অতি পরিচিত মুখ। ১৯৬৯ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের সময় থেকেই তিনি নাটকের সাথে জড়িত।
স্বাধীনতা পরবর্তী যশোরের প্রথম নাট্যদল তরঙ্গ নাট্যগোষ্ঠীর মাধ্যমে তিনি নাটকে অভিনয় শুরু করেন। তিনি নাটকের উপর বিভিন্ন ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন। যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদের আয়োজনে বিভিন্ন নাটকে তিনি কৃতিত্বের সাথে অভিনয় ও পরিচালনা করেছেন। তার অভিনিত নাটক গরুর গাড়ির হেডলাইট, জোলাপ, অন্ধ নগরীর চৌপাট রাজা, গল্প হেকিম সাহেবসহ অসংখ্য নাটক যশোরের মঞ্চ নাটক প্রেমীদের স্মৃতিতে এখনো জ্বলজ্বল করে। টেলিভিশনে নাট্য নির্মাতা কচি খন্দকারের রচনা এবং নির্দেশনায় ধারাবাহিক ‘তেলছাড়া পরোটা’ নাটকে তার অভিনয় শৈলীতে দেশ জুড়েই বিশেষ পরিচিতিও এনে দিয়েছে। এছাড়াও গ্রামীণ ফোনের বিজ্ঞাপন চিত্রে বৈদ্যনাথ সাহার অভিনয় সকলের ভালো লেগেছে।
মুলত তিনি ১৯৮৮ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত নাটকে অভিনয় শুরু করেন। এছাড়াও তিনি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানির মডেল হয়ে অনেক বিজ্ঞাপনে কাজ করেছেন। তিনি টেলিভিশন ও চলচ্চিত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে দুর্দান্ত অভিনয় করে সকলের মনোযোগ আকর্ষণ করেছেন।
২০২৪ সালে যশোরের ব্যঞ্জন থিয়েটারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৈদ্যনাথ সাহাকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা।
প্রিয় অভিনেতা বৈদ্যনাথ সাহার মৃত্যু সংবাদে যশোরের সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। তার মৃত্যু সংবাদ শুনে সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ শহরের এইচ এম এম রোডস্থ তার বাসভবনে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
রাতে শহরতলীর নীলগঞ্জ মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে জেলার সাংস্কৃতিক সংগঠন গুলোর পক্ষ থেকে তার কফিনে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
গ্রামীণ থিয়েটার সুন্দরবন অঞ্চলের সমন্বয়কারী ও যশোরের শিল্পাঙ্গন নাট্যগোষ্ঠী সভাপতি হাসান হাফিজুর রহমান ও ব্যঞ্জন থিয়েটারের সভাপতি আনিসুজ্জামান পিন্টু বৈদ্যনাথ সাহার মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।