ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজার এলাকা থেকে ১১টি অতিথি পাখি উদ্ধার করেছে বন বিভাগের একটি যৌথ অভিযানিক দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফলতিতা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০টি কালকুচ পাখি ও ১টি কালিম পাখি উদ্ধার করে বন বিভাগ। এ সময় পাখি বিক্রেতা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাট এবং খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের যৌথ উদ্যোগে অভিযানে উপস্থিত ছিলেন রেঞ্জ কর্মকর্তা রামকৃষ্ণ ঘোষ রতন, মো. ইসমাইল হোসেন, ডিএফও মো. রেজাউল করিম চেšধুরী, নির্মল কুমার পাল, সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাটের বন প্রহরী বিশ্বাস নওশের আলী, খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মো. শাহিন ও জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট অনিমেষ চন্দ্র নির্ভর প্রমূখ। পরে পাখিগুলো ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে ইউএনও রোকনুজ জামানের নেতৃত্বে পাখিগুলো প্রকৃতিতে অবমূক্ত করা হয়। রেঞ্জ কর্মকর্তা রামকৃষ্ণ ঘোষ রতন বলেন, পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী স্যারের নির্দেশে পরিযায়ী পাখি শিকার ও বিক্রির বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছে। শীতের শুরুতে ফলতিতা বাজারে পাখি শিকার বন্ধে সচেতনতামূলক কার্যক্রম ও লিফলেট বিতরণ করা হয়েছিল। পরিযায়ী ও বুনো পাখি শিকার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান বলেন, শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি এ অঞ্চলে আসে এবং শীত শেষে নিজস্ব আবাসস্থলে ফিরে যায়। এসব অতিথি পাখি ধরা, বিক্রি ও শিকার করা দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।