মিরাজুল কবীর টিটো : যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষায় ফেল থেকে পাস করেছেন ৬২৮ জন শিক্ষার্থী। একই সঙ্গে বিভিন্ন গ্রেড থেকে উন্নীত হয়ে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৫১৫ জন । সোমবার প্রকাশিত পুনঃনিরীক্ষার ফলাফলে এ তথ্য নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম হোসেন আলী। বোর্ড সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর এইচএসসি পরীক্ষার মূল ফলাফল প্রকাশ করা হয়। এ বছর যশোর বোর্ডের অধীনে ৫৭১ টি কলেজের ১ লাখ ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেন ৫০ হাজার ৬৬৮ জন। পাসের হার ছিল ৪৪ দশমিক ৯২ শতাংশ। মূল ফলাফল প্রকাশের পর ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত খাতা পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ করা হয়। নির্ধারিত সময়ে ২২ হাজার ২৭৭ শিক্ষার্থী ২৬ বিষয়ে খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেন ৯৭ হাজার ৬১৮ । এসব আবেদনের মধ্য থেকে বোর্ডের পরীক্ষা শাখা ৪ হাজার ৮১০ শিক্ষার্থীর ফলাফল পর্যালোচনা শেষে সংশোধিত ফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, নতুন করে ফেল থেকে পাস করেছেন ৬২৮ । পাশাপাশি বিভিন্ন গ্রেড থেকে উন্নীত হয়ে জিপিএ-৫ অর্জন করেছেন ৫১৫ শিক্ষার্থী। গ্রেড পরিবর্তনের পরিসংখ্যানে দেখা গেছে, এফ গ্রেড থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। একই গ্রেড থেকে এ গ্রেডে উন্নীত হয়েছেন ১, এ মাইনাস ২, বি গ্রেডে ১৮৩, সি গ্রেডে ৭১ এবং ডি গ্রেডে ৩৭০ । এ ছাড়া এ গ্রেড থেকে ৫০৭, এ মাইনাস থেকে ৬ এবং বি গ্রেড থেকে ১ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এ মাইনাস থেকে এ গ্রেডে উন্নীত হয়েছে ৩৪৩, বি গ্রেড থেকে এ মাইনাস ২৪৫ ও এ গ্রেড ৩। সি গ্রেড থেকে বি গ্রেডে উন্নীত হয়েছে ১২৪, এ গ্রেড ১ এবং ডি গ্রেড থেকে সি গ্রেডে উন্নীত হয়েছে ৫১ শিক্ষার্থী। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম হোসেন আলী বলেন, অভিজ্ঞ প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের মাধ্যমে খাতাগুলো যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে তার প্রাপ্য ফলাফল দেওয়া হয়েছে। খাতা মূল্যায়নে কোনো ধরনের ভুল বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। খাতা পুনঃনিরীক্ষার এই ফলাফলে নতুন করে পাস ও জিপিএ-৫ অর্জনের সুযোগ পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে।