Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছার আ.লীগ নেতা শফিকুল মেম্বর আটক

এখন সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর , ২০২৬, ১২:১৩:৫১ এম
চৌগাছার আ.লীগ নেতা  শফিকুল মেম্বর আটক

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ধুলিয়ানী ইউনিয়নের সভাপতি ও সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম ওরফে শফি মেম্বারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার কাবিলপুর বাজার থেকে তাকে আটক করা হয়। শফিকুল ইসলাম উপজেলার কাবিলপুর গ্রামের সোনাই মণ্ডলের ছেলে। পুলিশ জানিয়েছে, নাশকতার একটি মামলায় তাকে আটক করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলাসহ মোট ১৮টি মামলা রয়েছে। শফিকুলের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিনের। ২০১৭ সালের ২৪ মে যশোর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তৎকালীন পুলিশ সুপার আনিসুর রহমান জেলার ১৪ জন শীর্ষ মাদক কারবারিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন। ওই তালিকার চার নম্বরে ছিলেন শফি মেম্বার ওরফে শফিকুল ইসলামের নাম। পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার হলে ওই সময় তিনি বিদেশে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে দেশে ফিরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। ২০১৭ সালের ২৮ মে চৌগাছার ধুলিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তাকে সভাপতি ঘোষণা করা হয়। স্থানীয় রাজনৈতিক সূত্রগুলোর দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পরও চৌগাছায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা বজায় রাখতে শফিকুলেরে সক্রিয় ভূমিকা রয়েছে। ভারত সীমান্তবর্তী এলাকায় তার বাড়ি হওয়ায় ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের যোগাযোগ রক্ষায়ও তিনি সমন্বয়কের ভূমিকা পালন করেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে আগামী ডিসেম্বরকে ঘিরে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন বার্তা স্থানীয় নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়ার কাজে তার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনি আনুষ্ঠানিক বক্তব্য দেননি। চৌগাছা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন শফিকুলের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শফি মেম্বার ওরফে শফিকুলের বিরুদ্ধে ডজনের বেশি মাদক মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার একটি মামলায় তাকে আটক করা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)