কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে পিকআপ এনে এক কৃষকের তিনটি গরু চুরি করেছে সংঘবদ্ধ চোরেরা। মঙ্গলবার রাত তিনটার দিকে উপজেলার ছোট শিমলা গ্রামের কৃষক আব্দুর রাজ্জাকের গোয়ালঘর থেকে দুটি ফ্রিজিয়ান গাভী ও একটি দেশি ষাঁড় নিয়ে গেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে ওই কৃষক থানায় একটি অভিযোগ দিয়েছেন। ভূক্তভোগী কৃষক আব্দুর রাজ্জাক জানায়, প্রতিদিনের ন্যায় রাত ১০টার দিকে গরুগুলোকে খাবার দিয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। খুব সকালে গরুগুলোকে খাবার দিতে গোয়াল ঘরে গিয়ে দেখেন তালা ভেঙে একটি গরুও নেই। চোরেরা তার তিনটি গরুই নিয়ে গেছে। আব্দুর রাজ্জাকের ছেলে মিন্টু জানান, সকালে অনেক খোঁজাখুঁজি করেও গরুগুলোর সন্ধান পায় না। এরপর তাদের নাস্তার পাশের একটি প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখতে পায়, রাত ৩টার পর একটি পিকআপে করে চোরচক্র তাদের গরুগুলো নিয়ে গেছে। ওই গ্রামের বাসিন্দা বকুল হোসেন বলেন, প্রায় রাতেই তাদের এলাকায় গরু চুরির ঘটনা ঘটছে। কিন্তু জোরালো কোন প্রতিরোধ ব্যবস্থা না থাকায় এলাকাবাসীরা চুরি আতঙ্কে ভুগছে। কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন, গরু চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন। গরুগুলি উদ্ধার ও চোরচক্র আটকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।