শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবনে সর্প দংশনে সবুর খলিফা নামে এক জেলে গুরুতর আহত হয়েছে। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শৈলা খাল এলাকায় এ ঘটনা ঘটে। বনরক্ষীরা আহত জেলেকে স্পিডবোটে উদ্ধার করে চিকিৎসার জন্য শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শরণখোলা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার শরণখোলা গ্রামের জেলে সবুর খলিফা (৪৬) এর মহাজন মৎস্য আড়তদার মোঃ আফিকুল মঙ্গলবার দুপুরে জানান, মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর ৫টার দিকে তার জেলে সবুর খলিফা সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শৈলা খালে মাছ ধরার সময় পানির ভিতরে থাকা একটি সাপে তাকে দংশন করে। ফলে সে অসুস্থ হয়ে পড়ে। মোবাইল ফোনে বিষয়টি বন বিভাগকে অবহিত করে জেলেরা। পরে বন বিভাগের বনরক্ষীরা জেলেকে স্পিডবোটের সাহায্যে উদ্ধার করে। গত ২২ অক্টোবর শরণখোলা ফরেস্ট স্টেশন অফিস থেকে পাস নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান সবুর খলিফা। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আমির হোসেন জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে সর্প দংশনে আহত জেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা অনেকটা স্থিতিশীল রয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম জানান, সুন্দরবনে সর্প দংশনে জেলে আহত হওয়ার খবর পেয়ে স্পিডবোট নিয়ে আহত জেলেকে উদ্ধার করে দ্রুত সময়ের মধ্যে তাকে শরণখোলা হাসপাতালে পাঠানো হয়েছে।