শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: " মানসিক যন্ত্রণা আর প্রেসার সহ্য করতে পারছি না, তাই আমরা এমন কোথাও চলে যাচ্ছি আর কোনদিন ফিরে আসবো না" এমন চিরকুট লিখে বাগেরহাটে শরণখোলায় কবির হাওলাদার (৩২) ও তার স্ত্রী হালিমা বেগম (২৫)এর রহস্যজনক মৃত্যু ঘটনা ঘটেছে। তবে কেউ কেউ বলছে চালের ভিতরে দেওয়া ওষুধ খেয়ে তারা আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কবির হাওলাদার রাজৈর গ্রামের মো.আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ রোকেয়া খানমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ ২ টি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। স্বামী-স্ত্রীর এমন অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে নানান প্রশ্ন। কেউ কেউ বলছেন স্বামী-স্ত্রী ঝগড়া করে একইসাথে বিষপান করে আত্মহত্যা করেছেন। আবার কেউ কেউ বলছেন,দেনার দায়ে আত্মহত্যা করেছেন ওই দম্পতি। মেয়ের বাবা বাবুল হাওলাদার বলেন গত ১৩ বছর আগে তিনি তার মেয়েকে রাজৈর গ্রামের বাসিন্দা মজিদ হাওলাদারের ছেলে কবিরের সাথে বিবাহ দিয়েছেন। ওই সংসারে ৭ বছর একটি মেয়ে ও দেড় বছর একটি ছেলে রয়েছে বিয়ের পর থেকেই তার মেয়ের উপরে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে এবং যৌতুক সহ বিভিন্ন সময় টাকা দাবি করে। গত দুইদিন আগেও তার মেয়ে হালিমা ফোন দিয়ে জানিয়েছে বাবা আমাকে ও মারধোর করেছে টাকার জন্য। তবে কবিরের বাবা আব্দুল মজিদ জানান তার ছেলে চট্টগ্রামে স্ত্রী সহ চাকরি করতো সেখান থেকে কিছু টাকা তার স্ত্রীর কাছে দিয়েছে যা তার বাবার কাছে জমা দিয়েছে সেই টাকা নিয়ে উভয়ের মধ্যে প্রায় ঝগড়াঝাঁটি হতো। তবে কিভাবে এ মৃত্যুর ঘটনা ঘটেছেন তিনি তা জানেন না। নাম প্রকাশ না করার শর্তে হালিমা বেগমের এক আত্মীয় বলেন কবির গত ২/৩ মাস ধরে কিছুটা নেশাগ্রস্থ প্রায়ই তার স্ত্রীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়াঝাটি মারামারি ঘটনা ঘটাতো। শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন,রাজৈর গ্রামের কবির হাওলাদার ও হালিমা বেগম নামে দুই স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিকভাবে সুরতাহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। মহিলার চোখের নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে তবে কবীরের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। একটি চিরকুট পাওয়া গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করতে পারে। তবে ময়নাতদন্তে আসল রহস্য বেরিয়ে আসবে। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় শরণখোলায় থানায় দুইটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।