ক্রীড়া প্রতিবেদক : আইভরিকোস্টকে হারিয়ে শেষ ষোলোতে নরওয়ে।বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে আফ্রিকার দেশ আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে নরওয়ে। অ্যান্টোনিও নুসার গোলে এগিয়ে যাওয়ার পর আইভরিকোস্টকে সমতায় ফিরিয়েছিলেন আমাদ দিয়ালো। তবে নির্ধারিত ৯০ মিনিটের ৪ মিনিট আগে গোল দিয়ে নরওয়েকে পরের পর্বে ওঠান দলের সবচেয়ে বড় তারকা আর্লিং হালান্ড। শেষ ষোলোতে দলটির প্রতিপক্ষ ব্রাজিল। যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। প্রথমার্ধে নরওয়ে বলের দখল ও সুযোগ তৈরিতে কিছুটা এগিয়ে থাকলেও আইভরিকোস্টও পাল্টা আক্রমণে বেশ কয়েকবার নরওয়ের রক্ষণকে ব্যস্ত রাখে। ম্যাচের ৩৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় নরওয়ে। বক্সের বাইরে থেকে নেওয়া আন্তোনিও নুসার দারুণ এক কোনাকুনি শট আইভরিকোস্টের গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়। সেই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইউরোপের দলটি। প্রথমার্ধে নরওয়ে ৬টি শট নিলেও আইভরিকোস্ট নেয় ৫টি। তবে আফ্রিকার দলটির চারটি শটই লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সমতায় ফিরতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে আইভরিকোস্ট। একের পর এক আক্রমণ চালিয়ে শেষ পর্যন্ত ৭৪তম মিনিটে সমতায় ফেরে তারা। বদলি হিসেবে মাঠে নেমে দুর্দান্ত এক ব্যক্তিগত নৈপুণ্যে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আমাদ দিয়ালো। চলতি বিশ্বকাপে এটি ছিল তার দ্বিতীয় গোল। সমতায় ফেরার পর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর আভাস মিললেও শেষ পর্যন্ত তা হতে দেননি আর্লিং হালান্ড। ম্যাচের ৮৬তম মিনিটে প্যাট্রিক বার্গের চমৎকার পাস থেকে সহজ ফিনিশিংয়ে নরওয়ের জয়সূচক গোলটি করেন ম্যানচেস্টার সিটি তারকা। বিশ্বকাপে এটি হালান্ডের পঞ্চম গোল। এই জয়ের ফলে আগামী ৫ জুলাই নিউ জার্সিতে শেষ ষোলোয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। ব্রাজিল এর আগে শেষ বত্রিশের ম্যাচে জাপানকে হারিয়ে নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছিল।