শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্তে মেহগনি গাছের সাথে ধাক্কা খেয়ে আহত আপন (১৬) ও তৌহিদ (১৯) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তারা মোটরসাইকেলযোগে বেনাপোল থেকে সীমান্তের পুটখালীর দিকে যাওয়ার সময় পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। পরে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে যশোর ২৫০ শয্যা হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আপন বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের সীমান্তঘেঁষা খলশী (রাজগঞ্জ) গ্রামের রিপন হোসেনের ছেলে এবং তৌহিদ একই গ্রামের মিলন হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা হেলমেটবিহীন অবস্থায় একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল (রেজি. নম্বর: যশোর-ল-১১-৮৬৯২) যোগে বেনাপোল থেকে পুটখালীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সীমান্তের উত্তর বারোপোতা বিজিবি পোস্ট থেকে আনুমানিক ৪০০ গজ উত্তরে পৌঁছালে চালক আপন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রাস্তার পাশে থাকা একটি মেহগনি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে চালক ও আরোহী উভয়ই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (নাভারণ) হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তাদের মৃত্যু হয়।
গোয়েন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-চালকের অসতর্কতা ও অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এছাড়া হেলমেট ব্যবহার না করায় আঘাতের মাত্রা গুরুতর হয়েছে। চালকের অপ্রাপ্তবয়স্কতা (১৬ বছর) ঘটনাটির অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মোটরসাইকেলটি জব্দ করেছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।