কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে প্রায় তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যের গ্রীস্মকালীন ধান, পাট, মুগ ও তিল বীজসহ সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ওই কার্যক্রমের উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের এমপি মাওলানা আবু তালেব। এ সময় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের তালিকাভুক্ত চাষিদের মধ্যে ১ ও ২ কেজি হারে পাট বীজ ও সার দেওয়া হয়।
২০২৫- ২৬ অর্থ বছরের কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বুধবার ২শ’ কৃষকের মাঝে পাট বীজ ও সার বিতরণ করা হয়। এছাড়াও ৬শ’ কৃষককে মুগ, ৩শ’ কৃষকের মাঝে তিল এবং ১৫শ’ কৃষকের মাঝে রোপা আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনির সভাপতিত্বে পাটবীজ ও সার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, কৃষি সম্প্রসারন অফিসার আকতারুজ্জামান মিয়া, পাট কর্মকর্তা ফারুক হোসেন ও জাকির হোসেন।