কেশবপুর প্রতিনিধি : কেশবপুর আসনে জামায়াতের সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলীকে গালিগালাজ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে কেশবপুর শহর থেকে ‘মদ্যপ অবস্থায়’ আটকের পর এ ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার যুবকের নাম নাঈম হোসেন (৩৭)। তিনি খুলনা শহরের নিরালা এলাকার চান শরীফের ছেলে। গ্রেপ্তারের সময় তাঁর গাড়ি থেকে ১০ গ্রাম গাঁজা ও এক বোতল মদ জব্দ করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে কেশবপুরের পশু হাসপাতালের সামনে সড়কের পাশে গাড়ি রেখে ওষুধ কিনছিলেন যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী। তখন সড়কের বিপরীত দিক থেকে গাড়ি নিয়ে আসছিলেন নাঈম হোসেন নামের ওই যুবক। সংসদ সদস্য ওষুধ কিনে তাঁর গাড়ির পাশে আসামাত্র ওই যুবক ‘মদ্যপ অবস্থায়’ তাকে গালিগালাজ শুরু করেন। এ সময় স্থানীয় লোকজন প্রতিবাদ করলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন যুবক। পরে সংসদ সদস্যের অনুসারীরা শহরের জামে মসজিদ এলাকায় ওই যুবকের গাড়ি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে তার গাড়ি তল্লাশি করে ১০ গ্রাম গাঁজা ও এক বোতল মদ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি তাকে আটক করে থানায় নেওয়া হয়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আটক যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি তার গাড়িটিও জব্দ করা হয়েছে।