শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিপুল পরিমাণে মাদকদ্রব্যসহ আমিনুর রহমান (৫২) নামে একজন মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়াও একইদিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্যসামগ্রী জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (৫ মার্চ) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির বিশেষ টহলদল বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এসকল অভিযান পরিচালনা করেন। আটককৃত আমিনুর রহমান যশোর জেলার ঝিকরগাছা থানার বাগআঁচড়া এলাকার কুলবাড়িয়া গ্রামের মৃত মুনছুর গাজীর ছেলে।
বিজিবি জানায়, অভিযানে ভারতীয় ফেন্সিডিল সদৃশ ৪৪৫ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ, ২টি মোবাইল ফোন, ৫০টি শাড়ি এবং ২০৬টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকসহ অন্যন্য মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মাদকসহ একজন ব্যক্তিকে আটক করা হলেও জব্দ হওয়া কিছু মালামালের মালিকানা পাওয়া যায়নি। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে যশোর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।