কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের সুনির্দিষ্ট প্রমাণ থাকলে নিয়োগ বাতিল করা হবে। অতীতের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভ্যাস বন্ধ করতে হবে। এখন থেকে নিয়মানুযায়ী প্রতিষ্ঠানে নিয়োগ দেয়ার অভ্যাস করুন। এখন থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আর নিয়োগ বাণিজ্যের সুযোগ দেয়া হবে না। চালাকি করে কোনো প্রতিষ্ঠানে নিয়োগ দিলে তাদের প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে। যশোর-৬ কেশবপুর আসনের নবনির্বাচিত এমপি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোক্তার আলী একথা বলেন। তিনি বৃহস্পতিবার সকালে উপজেলা মাদ্রাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির পক্ষে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
কেশবপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির মিলনায়তনে কেশবপুর উপজেলা মাদ্রাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও যশোর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুস সামাদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মুক্তার আলী এমপি। বিশেষ অতিথি ছিলেন কেশবপুর বাহরুল উলুম কামিল আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ্য ও সাবেক উপজেলা মাদ্রাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সভাপতি মাওলানা বোরহান উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পাঁজিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ আরিফ বিল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়বে আমীর মাওলানা রেজাউল ইসলাম, মাওলানা আব্দুস সুকুর, প্রবীন জামায়াত নেতা আব্দুল গফুর প্রমুখ।