পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদ নবগঠিত আহ্বায়ক কৃষ্ণপদ মণ্ডল ও সদস্য সচিব হিমাদ্রি শেখর দে’কে নিয়ে গঠিত কমিটির কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্র কমিটি। প্রসঙ্গত খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমান সাহা সাক্ষরিত পাইকগাছা উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্র কমিটি পাইকগাছা নবগঠিত আহ্বায়ক কমিটির কার্যক্রম ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করেছে। তবে পাইকগাছা উপজেলা পুজা উদযাপন পরিষদের স্থায়ী কার্যালয় নির্মাণ কাজ চলমান থাকবে। পাইকগাছা পূজা উদযাপন পরিষদের ৩ সদস্য বিশিষ্ট নির্মাণ কমিটির সদস্য হলেন শ্রী সমিরণ কুমার সাধু, শ্রী বাবুরাম মণ্ডল ও শ্রী হিমাদ্রী শেখর দে।
জানা যায়, খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমান সাহা সাক্ষরিত পাইকগাছা উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করার পর থেকে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মালম্বীদের ক্ষোভের সৃষ্টি হয়। যা নিয়ে একাধিকবার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পাইকগাছা নবগঠিত আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করে সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দকে পাইকগাছা উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা অভিনন্দন জানিয়েছে।