নিজস্ব প্রতিবেদক : কবি উর্মি রহমান-এর ‘থেকে যাবো ধূসর ডানায়’ এবং কবি অতসী-র ‘ভালোবাসার শীতলপাটি’ শীর্ষক দুটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রাচ্যসংঘ যশোর-এর উন্মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গ্রন্থদ্বয়ের মোড়ক উন্মোচন করেন দেশের খ্যাতিমান গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান।
প্রাচ্যসংঘ যশোরের কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক খবির উদ্দিন সুইটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা কবি-লেখক-গবেষক-সাংবাদিক বেনজীন খান, কবি কাসেদুজ্জামান সেলিম, দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজ-এর অধ্যক্ষ মাহফুজা নাসরিন ও কবি চঞ্চল শাহরিয়ার। মঞ্চে উপস্থিত ছিলেন দুই কবি উর্মি রহমান ও অতসী। আলোচনায় অংশ নেন কবি আলী বকস ও কবি মশিয়ার রহমান। গ্রন্থ পরিচিতি তুলে ধরেন সৈয়দ ফাহিম রাফিদ ও অনিক মাজহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ সোহানুর রহমান ও তাপস কুমার পাল।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রফিকউজ্জামান বলেন, দুই কবির দুটি বইয়ের মোড়ক উন্মোচন করতে পেরে তিনি আনন্দিত। কবিদ্বয় নিজেদের লেখা কবিতা পাঠের মাধ্যমে উপস্থিত দর্শক-শ্রোতাদের সমৃদ্ধ করেছেন। তিনি বলেন, আজকের অনেকেই কবি পরিচয়ে কুণ্ঠাবোধ করলেও তিনি নিজেকে কবি ও গীতিকবি হিসেবে পরিচয় দিতে গর্ব অনুভব করেন। যুবসমাজ বই থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আত্মকথন ও বিস্তৃতির সমন্বয় ঘটানোই কবি ও গীতিকবির কাজ।
তিনি জীবনানন্দ দাশ-এর উদ্ধৃতি টেনে বলেন, উপমা কবিতার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলেও আত্মকথন ও বিস্তৃতি কবিকে সুদূরপ্রসারী সৃষ্টিতে সহায়তা করে। সৃষ্টির মূল রহস্য নতুনকে আবিষ্কার করা। একজন ক্ষুধার্ত মানুষের কাছে পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটির মতো মনে হয়-কারণ তার কাছে ক্ষুধানিবারণই মুখ্য। কবিরা কবিতার পাশাপাশি গান রচনা করলে বাংলা সঙ্গীতাঙ্গন আরও সমৃদ্ধ হবে বলেও তিনি মত দেন। শেষে তিনি নিজের লেখা একটি কবিতা আবৃত্তির মাধ্যমে বক্তব্য শেষ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বেনজীন খান বলেন, কবি রফিকউজ্জামান আধুনিক বাংলার এক জীবন্ত কিংবদন্তি। বাংলা সাহিত্য ও সঙ্গীতে তাঁর অবদান ইতিহাস হয়ে থাকবে। দুই কবির কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করতে পেরে প্রাচ্যসংঘ পরিবার গর্বিত বলেও তিনি উল্লেখ করেন।
পরে প্রধান অতিথির অনুরোধে কবি উর্মি রহমান ও কবি অতসী তাদের নিজ নিজ গ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন। এ সময় গ্রন্থ দুটি নিয়ে বেনজীন খান তার মূল্যায়নধর্মী বক্তব্য উপস্থাপন করেন।