মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, ‘আমরা সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ সবার জন্যই বাংলাদেশ।’
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মোরেলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সন্ন্যাসী এসপি রশিদিয়া হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আল্লাহর বিধান কখনো কারও ওপর জুলুম করতে পারে না। বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র নির্ভরযোগ্য উৎস হলো আল্লাহর দেয়া বিধান। আমরা এই জাতিকে আর বিভক্ত হতে দেব না। এজন্য আমাদের ১১ দলীয় জোটের স্লোগান “ঐক্যবদ্ধ বাংলাদেশ।”’
তিনি আরও বলেন, ‘প্রতিবেশী দেশসহ সারা বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ক হবে সমতা ও মর্যাদার ভিত্তিতে। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই।’
উপজেলার খাউলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওয়াদুদ আকনের সভাপতিত্বে জনসভায় স্থানীয় ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।