শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোর সীমান্তে ভারতীয় বাগদা চিংড়ি পোনা ও পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ মার্চ) সীমান্তের বেনাপোল পোর্ট থানার আমড়াখালী চেকপোস্ট ও মাসিলা বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা পৃথক অভিযানে এ চিংড়ি পোনা ও পণ্যসামগ্রী উদ্ধার করে। বিজিবি সূত্র জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এদিন অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ১২ ব্যাগ বাগদা চিংড়ির পোনা, ৫টি শাড়ি এবং ১১টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ১৩ হাজার ৪৫০ টাকা। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এক প্রেস ব্রিফিংয়ে জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিরবচ্ছিন্নভাবে গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় যশোর সীমান্তের বিভিন্ন এলাকা থেকে এসব অবৈধ পন্থায় নিয়ে আসা চোরাচালানী পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।