নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের সার্কিট হাউসপাড়ায় মাকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে হাসান পারভেজ নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা সংক্ষিপ্ত বিচারে এ দণ্ডাদেশ দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করে। দণ্ডপ্রাপ্ত হাসান পারভেজ যশোরের দড়াটানার তাজ স্নাক্সের স্বত্বাধিকারী মৃত সোহেল হাসান মিঠুর ছেলে। আদালতে দাখিল করা পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে হাসান পারভেজ তার মা মাহামুদা হাসান ও বোন ফারহানা আফরোজকে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। এমনকি তাদের হত্যার হুমকিও দিতেন তিনি। ছেলের অত্যাচার ও হুমকির মুখে একপর্যায়ে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি ছেড়ে টানা আট মাস অন্য জায়গায় বসবাস করতে বাধ্য হন মাহামুদা। হাসান তার বোন ফারহানা আফরোজকেও পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে রেখেছিলেন। এ অবস্থায় মা মাহামুদা নিজের অংশের কিছু জমি মেয়েকে লিখে দেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন হাসান। এ ঘটনার জেরে মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে সার্কিট হাউসপাড়ায় মা ও বোনকে দেখতে পেয়ে গালিগালাজ শুরু করেন হাসান। মা প্রতিবাদ করলে তার ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে মাহামুদার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ সময় মায়ের কাছে থাকা প্রায় ২২ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোনও ভেঙে ফেলেন তিনি। পরে এ ঘটনায় মাহামুদা হাসান কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ার পর হাসান পারভেজকে আটক করে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক সংক্ষিপ্ত বিচারে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।