Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ প্রয়োজনে অধিভুক্তি নবায়ন বন্ধের ইঙ্গিত

যশোর বোর্ডে শতভাগ ফেল ১৬ কলেজের অধ্যক্ষকে তলব ও সতর্কবার্তা

এখন সময়: রবিবার, ২২ নভেম্বর , ২০২৬, ০৯:১৯:০৫ পিএম
যশোর বোর্ডে শতভাগ ফেল ১৬ কলেজের  অধ্যক্ষকে তলব ও সতর্কবার্তা

মিরাজুল কবীর টিটো : এইচএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ১৬টি কলেজের অধ্যক্ষকে তলব করে সতর্ক করেছে বোর্ড কর্তৃপক্ষ। ধারাবাহিক এই ফলাফল বিপর্যয়ের কারণ জানতে তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। ভবিষ্যতে ফলাফলের আশানুরূপ উন্নতি না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অধিভুক্তি নবায়ন বন্ধসহ কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে বোর্ড সূত্রে জানা গেছে। বোর্ড সূত্র জানায়, বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আজম মুহা. আব্দুস ছালামের নির্দেশে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ওই ১৬টি কলেজের অধ্যক্ষকে বোর্ডে ডেকে পাঠানো হয়। সাক্ষাৎকারে প্রতিষ্ঠানগুলোর শিক্ষার পরিবেশ, নিয়মিত পাঠদান কার্যক্রম এবং শতভাগ ফেল করার পেছনের কারণগুলো জানতে চাওয়া হয়। এ সময় ভবিষ্যতে এমন বিপর্যয় এড়াতে অধ্যক্ষদের কঠোরভাবে সতর্ক করা হয়। বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক কবুয়াত আলী বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, অধ্যক্ষদের সতর্ক করার পাশাপাশি তাদের বক্তব্য শোনা হয়েছে। নতুন চেয়ারম্যান যোগদানের পর এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরবর্তী করণীয় ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ফলাফল বিপর্যয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনে অধিভুক্তি নবায়ন বন্ধের মতো কঠোর সিদ্ধান্তও আসতে পারে। বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর ৫৭১টি কলেজ থেকে ১ লাখ ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫০ হাজার ৬৬৮ জন, যা পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। এর মধ্যে ১৬টি কলেজের ২০৬ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাতক্ষীরার এ কে ফজলুল হক এমসিএ কলেজ থেকে ৪৯ জন এবং নড়াইলের লোহাগড়ার মাকরাইল করিম খালেক সোলাইমান ইনস্টিটিউট থেকে ৪৩ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছে। এ ছাড়া খুলনার কয়রা শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের ২৭ জন, ঝিনাইদহের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি কলেজের ১৯ জন, মাগুরার বুজরুক শ্রীকুন্ডি কলেজের ১৫ জন এবং খুলনা নিউজপ্রিন্ট মিলস স্কুল অ্যান্ড কলেজের ১২ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে খুলনার ইনডিপেনডেন্স আইডিয়াল কলেজের ১১ জন, কুষ্টিয়ার হাজি নুরুল ইসলাম কলেজের ৮ জন, যশোরের মণিরামপুরের সবুজ পল্লী কলেজের ৭ জন, খুলনার মডেল মহিলা কলেজের ৩ জন, সাতক্ষীরার ইসলামিয়া মহিলা কলেজের ৩ জন, খুলনার কপিলমুনি সহচরী বিদ্যামন্দির কলেজের ৩ জন এবং মাগুরার গোপীনাথপুর এম এ খালেক স্কুল অ্যান্ড কলেজের ২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছে। পাশাপাশি কুষ্টিয়ার জগন্নাথপুর আইডিয়াল কলেজের ১ জন, মেহেরপুরের মোরকা জাগরণ কলেজের ১ জন এবং খুলনার কমরেড রতন সেন কলেজিয়েট গার্লসের ১ জন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। ফলাফল বিপর্যয়ের কারণ সম্পর্কে যশোর শিক্ষা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক এ এইচ এম মনিরুজ্জামান বলেন, শতভাগ অকৃতকার্য হওয়া এই প্রতিষ্ঠানগুলো নন-এমপিওভুক্ত। দীর্ঘদিন ধরে নিয়মিত বেতন-ভাতা না পাওয়ায় এসব কলেজের শিক্ষকদের মধ্যে পাঠদানে অনীহা ও অমনোযোগিতা তৈরি হয়েছে। অন্যদিকে শিক্ষার্থীরাও নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে না। এসব কারণেই প্রতিষ্ঠানগুলোর ফলাফল বিপর্যয় ঘটেছে বলে তিনি মনে করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)