Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

টানা বৃষ্টিতে যশোরে ক্ষতিগ্রস্ত ৩ হাজার ৮৪৪ হেক্টর ফসল, ধান বাঁচাতে মহা ব্যস্ত কৃষক

এখন সময়: রবিবার, ২২ নভেম্বর , ২০২৬, ০৯:১৫:০২ পিএম
টানা বৃষ্টিতে যশোরে ক্ষতিগ্রস্ত ৩ হাজার ৮৪৪  হেক্টর ফসল, ধান বাঁচাতে মহা ব্যস্ত কৃষক

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা চার দিন ছিল আকাশ মেঘাচ্ছন্ন। ছিল টানা বৃষ্টি। এরপর ঝলমলে রোদ। মিষ্টি সেই রোদে দম ফেলার ফুরসত নেই কৃষক সদর আলীর। জমিতে তলিয়ে গেছে কেটে রাখা পাকা ধান। টানাতে বৃষ্টিতে পঁচে যাচ্ছে ধান, অনেক আঁটিতে গজাতে শুরু করেছে অঙ্কুর। রোদের দেখা পেতেই পানি থেকে সরাচ্ছেন উঁচু স্থানে। ঠান্ডা পানি থেকে যেটুকু ধান উদ্ধার করা হচ্ছে, তা-ও রক্ষা করা কঠিন হয়ে পড়েছে তার। রোববার দুপুরে যশোর বেনাপোল মহাসড়কের মালঞ্চি মাঠে এই দৃশ্য দেখা গেছে। শুধু সদর আলী নয়; মালঞ্চির এই মাঠটিতে যতদূর চোখ যায় ততদূর দেখা গেছে কৃষকের এই মহা ব্যস্ততা। কেউ কেটে রাখা ধান শুকানোর জন্য আঁটি বেঁধে রাস্তায় উঠাচ্ছেন; কেউ জমিতে নুয়ে পড়া ধান কাটছেন। আবার কেউ খড় শুকানোর কাজ করছেন। সদর আলী বলেন, ‘ধার দেনা করে দেড় বিঘা ধান লাগিয়েছিলাম। সেই ধান জন (শ্রমিক) নিয়ে কেটেছিলাম গত বুধবার। কাটার একদিন পরেই বৃহস্পতিবার থেকে টানা তিনদিন ধরে বৃষ্টি। কখনো গুড়ি গুড়ি, আবার কখনো অবিরাম মাঝারি বৃষ্টি। এতে জমিতে জমেছে হাটু সমান পানি। সেই পানিতে ভাসছে ধান। জমির কোন জায়গায় পঁচতে শুরু করেছে ধান; কোথাও ধানে গজাচ্ছে অঙ্কুর। এ কারণে ধান বাঁচাতে মাঠে নেমেছি। এই কৃষক জানান, ‘দেড় বিঘা জমির চাষাবাদে সবমিলিয়ে খরচ হয়েছে ২২ হাজার টাকা। সার সেচের টাকা এখনো বাকি। এই ধান নষ্ট হলে নিজেরা খাবোই বা কি, আর দেনা শোধ করবোই বা কিভাবে! গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত যশোরে ১৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে ফসলের মাঠগুলোতে কেটে রাখা পাক ধান নষ্ট হয়েছে। টানা বৃষ্টি ও ঝড়ো বাতাসে দাঁড়িয়ে থাকা ধানও পানিতে নুয়ে পড়েছে। এতে সেই ধানও গাছ পঁচে গেছে। কৃষিবিভাগের তথ্য ও সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে ?বৃষ্টিতে জেলার আট উপজেলায় তিন হাজার ৮৪৪ হেক্টর জমিতে ফসলের ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চলতি মৌসুমে সদ্য রোপনকৃত সরিষার ক্ষেত। আবাদকৃত ১৩ হাজার ৫০০ হেক্টর জমির মধ্যে ১৮৯০ হেক্টর জমিতে সরিষার ক্ষেত নষ্ট বা চারা পঁচে গেছে। ১ লাখ ৩৩ হাজার ১৫০ হেক্টর রোপা আমনের মধ্যে ১১৬৬ হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে। এছাড়া সবজির ৬৯০ হেক্টর, পেঁয়াজ ২৫ হেক্টর,মরিচ ২৮ হেক্টর ও ভুট্টা ৪৫ হেক্টর নষ্ট হয়েছে। যশোর সদরের তফশিডাঙ্গার মাঠে যেয়ে দেখা যায়, কয়েকজন কৃষক তাদের কেটে রাখা ধান উল্টে দিচ্ছেন। ধান উল্টানোর ছবি তুলতে গেলে আব্দুর রশিদ নামে কৃষক বলে উঠলেন, ‘ছবি উঠায়ে কি আর হবে আমাদের। ক্ষতি যা হওয়ার আমাদের হয়েই গেছে। ভাগে জমিটা নিয়ে ধান করেছিলাম। ধানও ভালো হয়েছিলো। শেষ সময়ে পাঁকা ধানে মই দিলো। সব শেষ করে দিয়েছে। এখন ধান আর বিছুলি বাঁচানোই দায়। ক্ষোভের স্বরে বলছিলেন, ধান ভিজেছে দেড় বিঘা। এই ধানে রঙ নষ্ট হবে আর দামও পাওয়া যাবে না। পাঁচ হাজার টাকা খরচ করে সরিষা করেছিলাম ১০ কাটা। সেই সরিষার ক্ষেতও নষ্ট হয়েছে।’ # সবজি জোনে সবজি ক্ষেত নষ্ট, সরবারহ ঘাটতির শঙ্কা ‘সবজি জোন’ হিসেবে পরিচিত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর, বারিনগর, কাশিমপুর ইউনিয়ন এবং চৌগাছা উপজেলায় সবজি ক্ষেতেও ব্যাপক ক্ষতি হয়েছে। আগামি শীতকালীন সবজির ক্ষেত পুঁইশাক, বরবটি, পটোল, করলা, বেগুন, মুখীকচ, পাতাকপি ক্ষেতে পানি জমে পঁচতে শুরু করেছে সবজি। আবার সবজির চারা উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত চুড়ামনকাটির আব্দুলপুরে আগাম বাঁধাকপিসহ অন্যান্য সবজির চারা রোপণ করেছিলেন কৃষক। অনেক জমি চারা উৎপাদনের জন্যও প্রস্তুত করা হচ্ছিল। কয়েকদিনের বর্ষণে সবকিছুই পানির নিচে চলে গেছে। এতে কৃষকেরা বলছেন, অসময়ের বৃষ্টিতে সবজির জমি ক্ষমিগ্রস্ত হওয়ার পাশাপাশি চাষাবাদ ব্যহত হবে। এতে বাজারে কমবে সরবারহ। ফলে প্রভাব পড়বে কাঁচাবাজারে। যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ পরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, ‘প্রাথমিকভাবে তিন হাজার ৮৪৪ হেক্টর জমিতে ফসলের ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব এখনো প্রস্তুত হয়নি, এটি করতে সময় লাগবে। রবিবার থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকায় পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হয়েছে। কৃষক যাতে ক্ষতি সামলে উঠতে পারে সেজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সহায়তা ও পরামর্শ দেয়ার আশ্বাস দেন তিনি।’

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)