Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সুন্দরবনের দুবলার চরে ৩দিন ব্যাপী রাস উৎসব শুরু

এখন সময়: রবিবার, ২২ নভেম্বর , ২০২৬, ০৯:২৫:১০ পিএম
সুন্দরবনের দুবলার চরে ৩দিন  ব্যাপী রাস উৎসব শুরু

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা) : ২২ নভেম্বর রোববার থেকে সুন্দরবনের দুবলার চরে ৩দিন ব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু। পুণ্যস্নানের মধ্য দিয়ে এই ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে ২৪ নভেম্বর মঙ্গলবার। উপকূলসহ দেশের বিভিন্ন স্থান থেকে পূণ্যার্থী ও দর্শনার্থীরা উৎসবে অংশ নিয়েছে। শত বছরের ঐতিহ্যবাহী পূণ্যস্নান ও পূজা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিগত বছরের মতো এবারও বনবিভাগসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী নিয়েছেন নানা পদক্ষেপ। ঘূর্ণিঝড় আকভান এর প্রভাবে বৈরী আবহাওয়ায় উৎসবের ঠিক আগমুহূর্তে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির মতো বৈরী আবহাওয়া বিরাজ করা সত্ত্বেও পুণ্যার্থীও দর্শনার্থীরা উৎসবস্থলে উপস্থিত হয়েছে। সুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী রাস উৎসব ২২ নভেম্বর রোববার শুরু হয়। ২৪ নভেম্বর মঙ্গলবার শেষ হবে। বাংলাদেশের সর্ববৃহৎ প্রাচীন সমুদ্র রাস উৎসব সুন্দরবনের সাগরদুহিতা দুবলারচরে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে রাস উৎসবে পুর্ণিমা তিথিতে চরে নির্মিত মন্দিরে নামযজ্ঞ, রাধাকৃষ্ণ, কমল কামিনি ও বনবিবির পূজা অনুষ্ঠিত হবে। প্রতি বছর কার্তিক বা অগ্রহায়ন মাসের পূর্ণিমা তিথিতে জোয়ারের লোনা পানিতে স্নানে পাপ মোচন হয়ে মনের বাসনা পূর্ণ হবে এমন আশা নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকেরা রাস উৎসবে যোগ দেয়। এ ছাড়া কেউ আসে সস্তান কামনায় ও কেউ আসেন রোগ মুক্তির কামনায়। রাস পুর্ণিমায় রাধাকৃষ্ণের পুজা ও পুর্ণ্যস্নন অনুষ্ঠিত হবে। অটুট বিশ্বাস আর পুর্ণ ভক্তিতে কমল কামিনীর দর্শন মেলে। পুণ্যার্থীরা কমল কামিনী দর্শনের আশায় নিলকোমলের সাগর মোহনায় সাগর ঢেউয়ে স্নান করে। রাস পুর্ণিমায় প্রথম আসা সমুদ্র ঢেউকে নিলকোমলের ঢেউ বলা হয়। এই প্রথম ঢেউয়ে পুর্ণাথিরা তাদের হাতে ধরে রাখা প্রসাদ ঢেউয়ে উৎসর্গ করে, এর পর স্নান শেষে ফিরে আসে। প্রকৃতির অকৃপণ হাতের সৃষ্টি লোনা জলের সাগরের এই রাসমেলায় দূর-র্দূরান্তে তীর্থযাত্রীদের ঢল নামে। ভয়ঙ্কর সুন্দর এই সুন্দরবন। যেখানে একদিকে অ্যাডভেঞ্চার, অন্যদিকে ভয় আর শিহরণ। জলে কুমির, আর ডাঙ্গায় বাঘ। বনের প্রতিটি মূহুর্ত যেন রহস্য আর রোমাঞ্চকের এই মেলায় দর্শনার্থীরা প্রাকৃতিক সৌন্দার্যের অভাবনীয় রূপ উপভোগ করে। প্রতিবছর উৎসবের দিনগুলোতে নিরব সুন্দরবন যেন লোকালয় হয়ে জেগে ওঠে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় ২০২১ সাল থেকে বাণিজ্যিক মেলা বন্ধ রয়েছে। এ বছরও কেবল সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরাই পূজা ও পুণ্যস্নানে অংশ নেওয়ার অনুমতি পাচ্ছেন। বৈরী আবহাওয়া ও নদীপথের ঝুঁকির কথা মাথায় রেখে প্রতিটি নৌযানে যাত্রীসংখ্যার অনুপাতে পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা বয়া রাখা বাধ্যতামূলক করা হয়েছে। সুন্দরবনের ভেতরে একবার ব্যবহারযোগ্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক, মাইক বা লাউডস্পিকার বাজানো, আতশবাজি এবং যেকোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা শিকারের সরঞ্জাম বহন সম্পূর্ণ নিষিদ্ধ। পুণ্যার্থীরা বন বিভাগের নির্ধারিত ৫টি নৌপথে কেবল দিনের বেলায় লঞ্চ, ট্রলার, স্পিডবোট বা দেশি নৌকায় চলাচল করতে পারবেন। রাতে নৌযান চালানো বা নির্ধারিত চেকিং পয়েন্ট ছাড়া কোথাও থামা নিষিদ্ধ। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানান, পুণ্যনস্নান নিরাপদে যাতায়াতের জন্য দর্শনার্থী ও তীর্থযাত্রীদের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগ পাঁচটি পথ নির্ধারণ করেছে। এ সকল পথে বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের টহল দল তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। বাগেরহাট প্রতিনিধি জানান- শত বছর আগে ১৯২৩ সালে সাধু হরিভজন রাসপূর্ণিমার ভোরে জোয়ারে সাগরের লোনাজলে পুণ্যস্নানের মধ্য দিয়ে পাপমোচন ও মঙ্গল কামনায় দুবলার এই রাসপূর্ণিমায় পূজা ও পুণ্যস্নান শুরু করেন। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও রেজাউল করিম চৌধুরী জানান, রোববার (২২ নভেম্বর) দুপুর পর্যন্ত বন বিভাগের পাশ নিয়ে চাঁদপাই ষ্টেশন থেকে ২৯৪টি নৌযানে ৬ হাজার ২০৯ জন, ঢাংমারী ষ্টেশন থেকে ১১১টি নৌযানে ২ হাজার ৩৭১ জন ও সুন্দরবন পশ্চিম বিভাগ থেকে আরো ১ হাজার ৫০০জন তীর্থ যাত্রী দুবলার চরে রওয়ানা দিয়েছেন। রাস পুণ্যস্নানকে সামনে রেখে কেউ যাতে হরিণ শিকার না করতে পারে সেজন্য নেয়া হয়েছে কঠোর নজরদারি। বনরক্ষী, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম শুরু করেছে। সুন্দরবনে রাস পুণ্যস্নাান উদ্যাপন কমিটির সভাপতি ও দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোনে জানান, প্রতি বছরের ন্যায় এবারও দুবলারচরে সনাতন ধর্মাবলম্বীদের রাস পুণ্যস্নানের সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই অস্থায়ী মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি তৈরি করা হয়েছে। তিথি অনুযায়ী সোমবার রাতে অস্থায়ী রাধাকৃষ্ণ মন্দিরে পূজা-অর্চনা, ভজন,কীর্তন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ভোরে পূণ্যার্থীরা সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নান করে তারা বাড়ীর পথে রওয়া হবেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)