Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ

এখন সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর , ২০২৬, ১২:৪৮:৩৬ এম
আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের  ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ

বিএম আলাউদ্দীন, আশাশুনি : আশাশুনি উপজেলার প্রতাপনগর ৭.১ পোল্ডারের কুড়িকাহুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। প্রায় ৩০ মিটার বাঁধ ধসে নদী-খালের দিকে চলে যাওয়ায় প্রতাপনগর ও পার্শ্ববর্তী আনুলিয়া ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে আতঙ্কে রয়েছেন অন্তত ৩৫-৪০ হাজার মানুষ। জানাগেছে, বেড়িবাঁধের ওপর নির্ভরশীল ১০ থেকে ১২ গ্রামের মানুষের বসবাস। পাশাপাশি এলাকায় রয়েছে ৩ থেকে ৪ হাজার বিঘা কৃষিজমি, যেখানে ধান, মাছসহ বিভিন্ন ফসল উৎপাদিত হয়। বাঁধটি ভেঙে গেলে বসতবাড়ি, কৃষিজমি ও মৎস্যঘের পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দা শাহজালাল জানান, কুড়িকাহুনিয়া এলাকায় বাঁধের একটি বড় অংশ ধসে পড়েছে। সারা বছর নদীভাঙন ও জলোচ্ছ্বাসের আতঙ্ক নিয়ে তাদের বসবাস করতে হয়। বর্তমানে এলাকায় গাছপালা ও ফসলের আবাদ হচ্ছে। এ অবস্থায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকলে হাজার হাজার মানুষের ঘরবাড়ি, ফসল ও মৎস্যঘেরের ব্যাপক ক্ষতি হবে। কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে প্রায় এক হাজার ফুট দূরে ভাঙনপ্রবণ স্থানটি হওয়ায় তাদের উদ্বেগ আরও বেড়ে গেছে। এর আগেও বাঁধের পাশের একটি স্থানে ভাঙন দেখা দিলে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বালু ও মাটি ফেলে প্রতিরোধের চেষ্টা করেন। পরে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে সংস্কারকাজ করে বাঁধটি রক্ষা করে। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বর্তমান ভাঙন আরও বিস্তৃত হয়ে বড় ধরনের দুর্যোগ সৃষ্টি করতে পারে। তাই ঝুঁকিপূর্ণ স্থানটি দ্রুত সংস্কার এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন তারা। স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী বিকেলে ভাঙনকবলিত স্থান পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করার কথা জানান। পানি উন্নয়ন বোর্ডের এসও আলমগীর হোসেন ও ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রাজু হোসেন জানান, তারা ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেছেন এবং উর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছেন। দ্রুত কাজ শুরু করা হবে। আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুণ্ডু বলেন, বেড়িবাঁধের ধসের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হবে। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া পাঠানো ছবি ও ভিডিও দেখে দ্রুত সংস্কারকাজ শুরুর আশ্বাস দিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)