আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলার দুই আসামি ও জিআর পরোয়ানাভুক্ত একজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মৃত রজব আলী মোড়লের ছেলে মো. সোহরাব হোসেন (৫৪)। তিনি ৫ নম্বর বড়দল ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি। আশাশুনি থানার মামলা নং-২২ (০৬) ২৬-এর আসামি তিনি। অপরজন হলেন, উপজেলার শ্রীকলস গ্রামের হান্নান সরদারের ছেলে মো. হাবিবুর রহমান (৪৮)। তিনি ৬ নম্বর আশাশুনি সদর ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি। তিনি আশাশুনি থানার মামলা নং-০৭ (০৯) ২৬-এর আসামি। এ ছাড়া উপজেলার কুল্যা গ্রামের মালেক সরদারের ছেলে রানা সরদারকে জিআর-১১৩/২৬ নম্বর মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বুধবার দুপুরে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।