ফরহাদ খান, নড়াইল : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নড়াইলের লোহাগড়া উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে লক্ষীপাশাস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এরপর কালিয়া উপজেলার মাধবপাশা এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-এনসিপি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরা। তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি। জোটগত ভাবে ১১ দলীয় প্রার্থী হবে না। এতে এনসিপির সাংগঠনিক পরিচিতি বাড়বে। দলীয় প্রার্থীর প্রচার-প্রচারণা এগিয়ে যাবে। এ লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে দলীয় প্রার্থীর নাম দ্রুত ঘোষণা করা হবে। এছাড়া স্থানীয় অন্যান্য নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। আমরা নতুন দল হিসেবে জনগণের মাঝে আস্থা অর্জন করতে পেরেছি। সাংগঠনিক ভাবে দল এগিয়ে যাচ্ছে। নতুন দল হিসেবে আমরা জাতীয় সংসদেও প্রতিনিধিত্ব করছি। দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের আন্তরিক ভাবে সাংগঠনিক কাজ চালিয়ে যেতে হবে। এনসিপির নড়াইল জেলা কমিটির আহবায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং লোহাগড়া উপজেলা আহবায়ক শাহজাহান সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-এনসিপির জেলা কমিটির যুগ্মআহবায়ক আবুল বাশার, উজ্জল মোল্যা, যুগ্মসদস্য সচিব সোহাগ হোসেন, রফিকুল ইসলাম পিকুল, তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম ইরফানুল বারী উজ্জল, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এদিকে, বৃহস্পতিবার রাতে লোহাগড়া উপজেলার মিঠাপুর এবং নড়াইল সদরের এনসিপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠানের কথা রয়েছে।