সুব্রত সরকার,মহম্মদপুর (মাগুরা) : মাগুরার মহম্মদপুর উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের সিনিয়র শিক্ষক ও বিশিষ্ট ধর্মীয় আলোচক স্বপন চক্রবর্তীর স্যারের বাড়ির ৪শত বছরের মন্দির থেকে চারটি মূল্যবান ধাতব গোপাল মূর্তি, দুটি মূল্যবান রাধাকৃষ্ণের মূর্তি, মূল্যবান পাথরের মূর্তি, সোনার মুকুট, বাঁশি, টিপ, রূপার অলংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। ১১ নভেম্বর (বুধবার) গভীর রাতে মন্দিরের দরজার তালা ভেঙে বিগ্রহ গুলি ও অলংকার চুরির ঘটনা ঘটে। এদিকে সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী,থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শামীম আহম্মেদ,কাজী সালিমাহক মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম ইউনুচ আলী, মহম্মদপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: নওশের আলী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আরিফুজ্জামান মিল্টনসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ মন্দির পরিদর্শন করেন। চুরি হওয়া এসব সামগ্রীর আনুমানিক মূল্য ৩/৪ লাখ টাকা বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শামীম আহম্মেদ বলেন এখনও মামলা হয়নি,উনি সুবিধামত সময়ে এসে মামলা করবেন। তবে আলামত সংগ্রহসহ প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহন ও তদন্ত শুরু হয়েছে।