কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে পুনরায় বিয়ে করে সংসার করার প্রতিশ্রুতি দিয়ে সাবেক স্ত্রীকে বাড়িতে নিয়ে শারীরিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ওয়াজেদ আলী খান ডবলুর বিরুদ্ধে। এ ঘটনায় দুই সন্তানের জননী আশা খাতুন (২৭) যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা করেন। যার নং-১৭৫/২৬। বিচারক ড. আতোয়ার রহমান মামলার তদন্তের দায়িত্ব দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আবু খালেদ আল আহসান লিটন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওয়াজেদ আলী খান ডবলু (৫৫) কেশবপুর পৌর সভার মধ্যকূল খানপাড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে বাদী আশা খাতুন একই উপজেলার মহাদেবপুর গ্রামের বাসিন্দা। ২০২২ সালের ১৫ এপ্রিল তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান রয়েছে। পরে ২০২৫ সালের ১০ মে ওয়াজেদ আলী তাকে রেজিস্ট্রি তালাক দেয়। মামলার আর্জিতে বলা হয়েছে, বিবাহ বিচ্ছেদের কয়েক মাস পর আবারও আশা খাতুনের সঙ্গে যোগাযোগ শুরু করেন ওয়াজেদ আলী। মোবাইল ফোনে কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে পুনরায় ঘনিষ্ঠতা তৈরি হয়। এ সময় ডাবলু তাকে আবার বিয়ে করে সংসার করার প্রস্তাব দেন। পাশাপাশি নিজের বাড়িতে ফিরে আসার জন্য অনুরোধ করলে আশা খাতুন সাবেক স্বামীর বাড়িতে ফিরে যান। বাদীর অভিযোগ গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে ওয়াজেদ আলী তাকে পুনরায় বিয়ে করে সংসার করার প্রতিশ্রুতি দিয়ে তাকে বাড়িতে নিয়ে অবস্থান করতে রাজি হন। এই দিন তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের বাঁধ্য করেন। পরে ওয়াজেদ আলী নিজের অপর স্ত্রীদের তালাক দিয়ে এক মাসের মধ্যে তাকে রেজিস্ট্রি বিয়ে করার আশ্বাস দেন। একই সঙ্গে শারীরিক সম্পর্কে রাজি না হলে বিয়ে করবেন না বলে হুমকি দেয়া হয়। মামলার আরজিতে আরও বলা হয়েছে বিয়ের প্রতিশ্রুতি ও বিভিন্ন প্রকার আশ্বাস দিয়ে তার সম্মতি আদায় করে অভিযুক্ত ওই রাতে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এরপর ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে একইভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের বাড়ির শয়নকক্ষে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করেন। এইভাবে প্রায় আট মাস ধরে এ ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। বাদীর অভিযোগ অনুযায়ী গত ১৭ অক্টোবর সন্ধ্যায় তিনি ওয়াজেদ আলীকে বিয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চাপ দেন। তখন অভিযুক্ত তাকে বিয়ে করতে পারবেন না বলে জানিয়ে দেন। এ সময় তার সঙ্গে অশুভ আচরণ ও শারীরিক-মানসিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন তিনি। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে বিষয়টি নিয়ে কোথাও অভিযোগ করলে তাদের একসঙ্গে তোলা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন ও তাকে হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়া হয় বলে জানান। মামলার আরজিতে বর্তমানে ডাবলুর ১২ জন স্ত্রী এবং তাদের সংসারে ১২ সন্তানের কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে বাদী তার বক্তব্যে অভিযুক্তের ১৩ টি বিয়ে করার দাবি করেছেন। এসব বিয়ে ও বিচ্ছেদের পক্ষে বিভিন্ন নিকাহনামা ও তালাকনামার কপিও আদালতে দাখিল করেছেন বলে মামলায় উল্লেখ রয়েছে। কেশবপুর থানায় এ ঘটনায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ তাকে আদালতে মামলা করার পরামর্শ দিলে নোটারি পাবলিকের কার্যালয়ে হলফনামা সম্পাদন করে যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা দায়ের করেন তিনি।