নিজস্ব প্রতিবেদক : যশোরের অভয়নগরে বিশ্বজিৎ সিংহ নামে এক ব্যবসায়ীর বসতবাড়ির তালা ভেঙে নগদ দুই লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টার মধ্যে উপজেলার ক্লিনিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিশ্বজিৎ সিংহ ওই এলাকার মৃত রাধারমন সিংহের ছেলে। তিনি নওয়াপাড়া পৌরসভার নূরবাগ এলাকায় একটি ওষুধের ফার্মেসি পরিচালনা করেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কালীপূজা উপলক্ষে বিশ্বজিতের মা ও স্ত্রী আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এ সময় তিনি বিকেলে বাড়িতে তালা লাগিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে চলে যান। রাত ১০টার দিকে বাড়িতে ফিরে দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ঘরে ঢুকে আলমারিতে রাখা নগদ দুই লাখ টাকা ও আনুমানিক চার ভরি স্বর্ণালংকার খুঁজে পাননি। প্রাথমিকভাবে এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।