নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা থেকে গরীবশাহ রোড এলাকার উচ্ছেদ হওয়া ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা অবিলম্বে পুনর্বাসনের দাবিতে জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক এবং পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন (স্মারকলিপি) জানিয়েছেন। সোমবার (৯ নভেম্বর) বেলা ১২টায় শতাধিক দুস্থ ও ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীর উপস্থিতিতে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এ আবেদনপত্র হস্তান্তর করা হয়। আবেদনপত্রে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের চরম দুর্দশার চিত্র তুলে ধরে জানান, স্বল্প পুঁজির এই ফুটপাত ব্যবসাই ছিল তাদের পরিবার-পরিজনের একমাত্র জীবিকার অবলম্বন। রোদ, বৃষ্টি ও শীত উপেক্ষা করে প্রতিদিন অর্জিত আয়েই চলতো তাদের পরিবারের খাদ্য, ওষুধ ও সন্তানদের পড়াশোনার খরচ। উচ্ছেদের পর থেকে বিকল্প কোনো আয়ের উৎস না থাকায় তারা পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক অনটন ও অনাহারে দিন কাটাচ্ছেন। কোনো উপায়ান্তর না পেয়ে মানবিক দিক বিবেচনা করে দ্রুত বিকল্প স্থানে পুনর্বাসনের জোর দাবি জানান দোকানীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আবেদনপত্র গ্রহণ করে যশোর জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খোকন তাদের আশ্বস্ত করে বলেন, “বর্তমান বাংলাদেশে না খেয়ে কেউ থাকবে না।” তিনি দোকানীদের এই যৌক্তিক আবেদনের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন এবং উচ্ছেদকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের কীভাবে দ্রুত পুনর্বাসন করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করেন।