নিজস্ব প্রতিবেদক : যশোরে কবিরাজ পরিচয়ে চিকিৎসার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইনভেস্টিগেশন টিম। রোববার ভোরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আলাদা স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ১৫ দশমিক ২৮ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের চেইন ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১০ হাজার টাকা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিনাইদাহ কোটচাঁদপুরের রঘুনাথপুর গ্রামের ওলিয়ার হোসেনের ছেলে আশিক ও সলেমানপুর গ্রামের প্রশান্ত কর্মকারের ছেলে তন্ময় কর্মকার। যশোর জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই দেবব্রত ঘোষ জানান,শনিবার একটি সাধারণ ডায়েরির তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে আশিককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী সকাল ৬টা ১০ মিনিটে কোটচাঁদপুর বাজারের গার্লস স্কুল রোডের পলাশ জুয়েলার্স থেকে তন্ময় কর্মকারকে গ্রেপ্তার করা হয়। আশিকের কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং তন্ময়ের হেফাজত থেকে ৬ দশমিক ৫০, ২ দশমিক ৯৮ ও ৫ দশমিক ৮০ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। এ ঘটনায় রোববার যশোর কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী নারীর স্বামী শহরতলীর ইউনুস আলী। মামলার এজাহারে তিনি উল্লেখ করেছেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মুঠোফোনে কবিরাজ পরিচয়ে তার স্ত্রীর শারীরিক ব্যথা নিরাময়ের আশ্বাস দেন। পরে কৌশলে ও ভয়ভীতি দেখিয়ে তার স্ত্রীর কাছ থেকে ১ ভরি ৭ আনা স্বর্ণালংকার এবং নগদ ১৯ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেন। অটক দুজনকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।