শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অব্যাহত অভিযানে আবারও বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১৩৪টি শাড়ি, ১২টি কম্বল, ২৫টি চাদর, আধা কেজি জিরা, ৩২ প্যাকেট ফুসকা, সাড়ে ৬ কেজি কিসমিস, ১২০টি চকলেট, ১২টি ওষুধসামগ্রী এবং ১ হাজার ২৫০টি প্রসাধনসামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৭০ হাজার ৫০০ টাকা। রোববার (৮ নভেম্বর) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এসব পণ্য জব্দ করেন। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।