মিরাজুল কবীর টিটো : যশোর শহরের তীব্র যানজট নিরসন এবং ফুটপথ দখলমুক্ত করতে একটি বিশেষ উপ-কমিটি গঠন করা হয়েছে। কমিটির পরিকল্পনা অনুযায়ী দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রোববার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষ ‘অমিত্রাক্ষরে’ অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, “শহরের মানুষের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা যানজট ও ফুটপথ দখল। এর কারণে সাধারণ মানুষকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। এই সমস্যা নিরসনে গঠিত উপ-কমিটির পরিকল্পনার আলোকে স্থায়ী পদক্ষেপ নেওয়া হবে।” তিনি আরও বলেন, সরকারি সকল দপ্তরের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে হবে, যাতে কোনো নাগরিক সেবা নিতে গিয়ে দুর্ভোগের শিকার না হন। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। অপরাধীদের ক্ষেত্রে কোনো দলমত দেখা হবে না; যারা অপরাধ করবে, তাদেরকেই আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে সতর্ক থাকার তাগিদ দিয়ে তিনি বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে যারা আগুন লাগিয়েছে, তাদের ইতোমধ্যে আটক করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কেউ যাতে কোনো ধরনের অপরাধ বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। সিভিল সার্জন ডা. মাসুদ রানা তাঁর বক্তব্যে বলেন, “২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে দোকান বসানো এবং ভ্যানে করে পণ্য বিক্রির কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এর ফলে রোগীবাহী অ্যাম্বুলেন্স হাসপাতালে প্রবেশ করতে গিয়ে বাধার মুখে পড়ছে, যা রোগীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।” যানজট নিরসনে হাসপাতালের সামনে স্থায়ী উচ্ছেদ অভিযান চালানোর ওপর তিনি জোর দেন। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।