নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শায় অ্যালকোহল পান করার পর অসুস্থ হয়ে আশানুর রহমান আশা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে অ্যালকোহল পান করার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। একদিন অসুস্থ থাকার পর শনিবার দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত আশা শার্শা উপজেলার নাভারন এলাকার ইসলামপুর গ্রামের লালটুর ছেলে। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, আশা নিয়মিত অ্যালকোহল পান করতেন। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে অ্যালকোহল পান করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় বাড়িতে একাধিকবার বমি করেন তিনি। পরে পরিবারের সদস্যরা ওষুধ খাইয়ে তাকে সুস্থ করার চেষ্টা করেন। তবে অবস্থার অবনতি হলে শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আশাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। অ্যালকোহল পানের বিষক্রিয়ায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। হাসপাতালে দায়িত্বরত যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল জানান, অ্যালকোহল পান করে ওই যুবকের মৃত্যু হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।