ফরহাদ খান, নড়াইল : স্ত্রী নিলুফা বেগমের লাশ বাড়িতে রেখে মসজিদে গিয়ে মৃত্যুবরণ করেছেন স্বামী রোমান মোল্যাও। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে, নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে। গত শনিবার রাত ২টার দিকে স্ত্রীর মৃত্যুর পর রোববার সকালে স্বামী রোমান মোল্যার (৬০) মৃত্যু হয়। তাদের সন্তান জসিম মোল্যা বিদেশ (কুয়েত) থেকে দেশে আসার পর মঙ্গলবার (১৩ অক্টোবর) বাবা-মায়ের দাফন করার কথা রয়েছে। স্বামী-স্ত্রীর লাশ রাখা হয়েছে নড়াইল জেলা হাসপাতালের হিমঘরে। বড় ছেলে হুমায়ুন কবিরসহ পরিবারের অন্যরা জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার স্ত্রী প্রায় ১০ বছর ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত। মাঝে-মধ্যে একটু সুস্থ হলেও প্রায় সময়ই অসুস্থ থাকতেন তার স্ত্রী। এ পরিস্থিতিতে শনিবার রাত ২টার দিকে বাড়িতে মারা যান রোমান মোল্যার স্ত্রী। ঘরে স্ত্রীর মরদেহ রেখে ফজরের নামাজের আজান দিতে ও নামাজ পড়তে মালিডাঙ্গা জামে মসজিদে যান তিনি। ওই মসজিদের নিয়মিত মোয়াজ্জিন রোমান মোল্যা নামাজের শেষ করেই অসুস্থ হয়ে পড়েন। তার মেয়ের জামাইসহ অন্য মুসল্লিরা তাকে সেবা দিয়ে সুস্থ করার চেষ্টা করলেও হাসপাতালে আনার আগেই রোববার সকালে রোমান মোল্যা মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিকে, রোববার (১১ অক্টোবর) জোহর নামাজ বাদ মসজিদের পাশে স্বামী-স্ত্রীর একই সঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়েছে। স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে তাদের পরিবার-পরিজন, প্রতিবেশি, মসজিদের মুসল্লিসহ গ্রামবাসীর মাঝে শোকের ছায়া বিরাজ করছে। এই মর্মান্তিক মৃত্যুর পর সোমবার দুপুরে রোমান মোল্যাদের বাড়ি গিয়ে দেখা যায়, সবাই শোকে স্তব্ধ। আত্মীয়-স্বজন রোমান মোল্যা ও তার স্ত্রীর স্মৃতিচারণ করছেন। কেউ কাঁদছেন। কেউ নির্বাক চোখে বসে আছেন।